ছাত্রলীগের পদ পাওয়া চতুর্থ শ্রেণির ছাত্রকে অব্যাহতি।

নিজস্ব প্রতিনিধি 


কুমিল্লার লালমাই উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিতে স্থান পাওয়া চতুর্থ শ্রেণির ছাত্র আজমাইন আঞ্জুম নোয়েলকে অব্যাহতি দেয়া হয়েছে।

ফেসবুকে সমালোচনার মুখে বুধবার (৬ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি দেয়া হয়। এর আগে, মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যায় আবু তৈয়ব অপি ও লোকমান হোসেন রুবেল ৭১ সদস্যের কমিটির সবাইকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দেন। এরপর চতুর্থ শ্রেণির ওই ছাত্রকে উপজেলা কমিটির পদে রাখার বিষয়টি জানাজানি হলে মুহূর্তে এ নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।

বিজ্ঞপ্তিতে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেলের সই রয়েছে। তবে অব্যাহতিপত্রে কোনও কারণ উল্লেখ করেননি তারা।

জানা গেছে, লালমাই উপজেলা প্রতিষ্ঠার প্রায় ৪ বছর পর মঙ্গলবার (৫ অক্টোবর) ছাত্রলীগের প্রথম কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি শাহপরান সওদাগরকে সভাপতি ও বাগমারা উত্তর ইউনিয়নের সহ-সভাপতি আরিফুল ইসলাম রাব্বিকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ৭১ সদস্যের ওই কমিটিতে দেখা গেছে, সাধারণ সদস্যের তালিকায় আজমাইন আঞ্জুম নোয়েলের নাম রয়েছে।

ছেলে ছাত্রলীগের পদ পাওয়ার পর নোয়েলের বাবা কামাল বলেন, ‘আমার ছেলের বয়স ১২। সে কুমিল্লা মহানগরীর একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র। বঙ্গবন্ধু যেখানে ১০ বছর বয়সে ছাত্রলীগ করেছেন, সেখানে আমার ছেলেকে নিয়ে সমস্যা হবে না। যদি সমস্যা হয়, তাহলে আমি বিষয়টি সমাধান করবো।’

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি বলেন, ‘ভুলবশত আজমাইন আঞ্জুম নোয়েলের নাম কমিটিতে তালিকাভুক্ত হয়েছে। বিষয়টি আমাদের নজরে আসার পর বুধবার (৬ অক্টোবর) উপজেলা কমিটি থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।’


Comments

Popular posts from this blog

জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন বঙ্গ টিভির কর্ণধার ও সমাজসেবক রাসেল মিয়া হৃদয়।

খুলনার ডুমুরিয়া বাজারে ঊর্মি জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি,৩৫ লক্ষ টাকার ক্ষতি।

উলিপুরে বিধবা নারীকে ধর্ষন চেষ্টা হাত পা ধরিয়ে মিমাংসা করলেন গ্রাম্য মাতব্বরা।